ব্রাহ্মণবাড়িয়া নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে, আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করে চার ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। 

এ সময় বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ জেলা প্রশাসক মো: আবু সাঈদের সাথে কথা বলে প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার, রামরাইল, সুলতানপুর, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিংঙ্গারবিল ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। তার প্রচেষ্টায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলার সম্ভাব্যতা নিরীক্ষণের জন্য একটি দাফতরিক চিঠি পাঠিয়েছে।’ 

বক্তারা বলেন, জেলা প্রশাসক চিঠির বিষয়টি গোপন রেখেছেন, যা কখনো মেনে নেয়া হবে না। যদি সদর ও বিজয়নগর উপজেলাকে ভেঙ্গে নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে রেলপথ ও সড়কপথে তীব্র আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে বিচ্ছিন্ন করে দেয়া হবে।’ 

এসময় বক্তারা বর্তমানের ন্যায় সদর উপজেলার সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।