কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড। ফাইল ছবি
ads

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন শিক্ষার্থী। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণে দুই হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৯২ হাজার ১৬২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই-বাছাই শেষে দুই হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫০৭ জন ফেল থেকে পাস করেছেন এবং ১২০ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ। ওই পরীক্ষায় এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী।