র‌্যালি
যুব র‌্যালি। নয়া দিগন্ত

জাতীয় যুব দিবস উপলক্ষে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

রোববার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে তা যুবকদেরে অবদান। আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আমাদের প্রতিটি যুবককে দক্ষ করার চেষ্টা করব। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পৃথিবীর সাথে আমাদের যুবকদেরও এগিয়ে নিতে হবে। যুব সমাজের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। যুব সমাজের উন্নয়ন ছাড়া দেশ উন্নতের শিখরে পৌঁছা সম্ভব নয়। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে যুবকদের কাজে লাগাতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘আজকের পৃথিবী এগিয়ে নেয়ার কৃতিত্ব হল যুবকদের। যুবকরা দেশ ও পৃথিবীকে এগিয়ে নিচ্ছে। আজকে আমাদের অর্থনীতির চাকা যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। আর এ জন্য যুবকদের দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। আমরা আমাদের যুবকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠক, সফল আত্মকর্মী যুবদের মধ্যে যুব পুরস্কারের ক্রেস্ট প্রদান, যুব সংগঠনের নিবন্ধন প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। যুব উন্নয়ন অধিদফতর ফেনীর প্রশিক্ষক স্বপন চন্দ্র দেব নাথ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতর ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজিসহ প্রমুখ। 

আরো বক্তব্য রাখেন এনজিও ফেডারেশনের জেলা সভাপতি লিয়াকত আলী আরমান, রেনেসাঁর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জীবন ও প্রিয়াঙ্গন ইয়ুথ সোসাইটির শাহাদাত হোসেন লিটন।