এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা। প্রতীকী ছবি

মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো— মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) ও একই ইউনিয়নের নতুনগ্রামের মরহুম অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে বাপ্পি আত্মহত্যা করে বলে জানা গেছে। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিল।

অপরদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরে পরিবারের সদস্যদের অগোচরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পৃথক দু’টি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।