
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নীলফামারীর ১২টি কলেজ ও দু’টি আলিম মাদরাসায় কোনো পরিক্ষার্থী পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া যায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল অনুযায়ী, নীলফামারী সদর উপজেলার চারটি, ডিমলা উপজেলার তিনটি, ডোমার উপজেলার তিনটি, কিশোরগঞ্জের দু’টি, সৈয়দপুরের দু’টি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজের ৪০ জন, পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের ছয়জন, তরণী বাড়ি স্কুল অ্যান্ড কলেজের দু’জন, লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের একজন, কিশোরগঞ্জের ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজের ৫১ জন, নয়ানখান স্কুল অ্যান্ড কলেজের তিনজন, ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজর একজন, গয়াখড়িবাড়ি ওমেন’স কলেজের একজন, আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজর দু’জন, ডোমারের জামিরবাড়ি মহিলা মহাবিদ্যালয়ের পাঁচজন, বাগডোকরা নিমুজখানা হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন, পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদরাসার ১৫ জন, সৈয়দপুরের ছমির উদ্দিন আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজের দু’জন ও সৈয়দপুরের পোড়াহাট ইসলামিয়া আলিম মাদরাসার সাতজন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কয়েকজন অভিভাবক জানান, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবেই কলেজের সব পরীক্ষার্থী ফেল করেছে।
এ বিষয়ে কলেজগুলোর প্রধানদের একাধিকবার মোবাইলফোনে কল করলেও তাদের পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও তাদের সাথে যোগাযোগ করা যায়নি।
তবে আদর্শ কলেজের প্রভাষক শরিউল ইসলাম শাহ বলেন, ‘আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে। প্রায় ২৬ বছর ধরে আমরা বিনা বেতনে শিক্ষার্থীদের পড়াচ্ছি। শিক্ষকরাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তবুও শত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের আমরা বাড়ি থেকে ডেকে এনে ক্লাস নিয়েছি। এরপরও তারা কেন পাস করতে পারল না, সেটাই ভাবার বিষয়। এর আগে কখনো এমন হয়নি।’
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মো: হুমায়ূন কবির বলেন, ‘১৪ প্রতিষ্ঠানের পরিক্ষার্থীরা কেন পাস করতে পারল না, সে বিষয়ে জানতে প্রতিষ্ঠান প্রধানদের ডাকা হয়েছে। তাদের কাছে জবাব নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবো। এরপর মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








