শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
শ্রীলঙ্কাকে উড়িয়ে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ক্রিকইনফো
ads

দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের মধ্য দিয়ে চলতি বছরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল দলটি।

আগের দিন ইনিংস ব্যবধানে হার এড়াতে কিছুটা প্রতিরোধ গড়েছিল শ্রীলঙ্কা। তবে চতুর্থ দিনের সকালে আগের দিনের ৯ উইকেটে ৩০৯ রানের সাথে মাত্র সাত রান যোগ করেই ৩১৬ রানে গুটিয়ে যায় তারা।

জয়ের জন্য ৯০ রানের সহজ লক্ষ্য ১৩ ওভারেই পেরিয়ে যায় পাকিস্তান। আমের জামাল ৩৪ ও আজান আওয়াইস ৩২ রানে অপরাজিত থাকেন।

তবে শুরুতে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তৈয়ব আরিফ ১৩ এবং মোহাম্মদ তাহা চার রান করে আউট হন। এরপর আর কোনো বিপদ হয়নি। স্পিনার প্রভাত জয়াসুরিয়ার বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন জামাল।

রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দলের জয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এটি নতুন কিছু খেলোয়াড় নিয়ে গড়া নতুন দল। তবে তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। জয় সব সময়ই সন্তুষ্টি ও আত্মবিশ্বাস এনে দেয়।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতিবাচক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ম্যাচের পরিস্থিতি যা-ই হোক, সবার মধ্যে লড়াই করার মানসিকতা অটুট থাকে।’

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, প্রথম ইনিংসে ৯৮ রানে অলআউট হওয়াটাই তাদের ভুগিয়েছে, ব্যাটিং ও ফিল্ডিংয়ের কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। তবে বোলিংয়ে আমরা কয়েকটি পর্যায়ে ভালো করেছি।

দিনের খেলা শুরু হয়েছিল ৮২ রানের লিড বাড়ানোর আশায় ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে দিয়ে। মিলান রত্নায়েকে একটি চারও মারেন। তবে দ্বিতীয় ওভারেই ইনিংসের সমাপ্তি ঘটে। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে দুই রানে ফেরেন আসিথা ফার্নান্দো।

রত্নায়েকে ৮৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আব্বাস। ৫৫ রানে তিনটি উইকেট নেন তিনি। জামাল ৬৭ রানে তিনটি এবং রাজাউল্লাহ ১১৬ রানে দুটি উইকেট শিকার করেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটি পাকিস্তানের প্রথম সিরিজ জয়। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করেছিল তারা। বাংলাদেশে ২-০ এবং ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

সবুজ উইকেটের সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানের চার পেসার প্রথম দিনেই শ্রীলঙ্কাকে ৯৮ রানে অলআউট করেন। এতে ম্যাচের শুরুতেই বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্বাগতিকরা।

পরে পাকিস্তান ৩২৫ রান সংগ্রহ করে ম্যাচে নিজেদের অবস্থান আরো শক্ত করে।

মিলান রত্নায়েকে, সোনাল দিনুশা ও অধিনায়ক কুশল মেন্ডিসের অর্ধশতকে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে সক্ষম হয় শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত টেস্ট হার এড়াতে পারেনি।