
সিলেটের বিয়ানীবাজারে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলা করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পৌর শহরতলীর সুপাতলা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন।
অভিযুক্ত ফরিদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোজ্জামেল আহমদের পুত্র। তিনি বিয়ানীবাজার পৌর শহরতলীর সুপাতলায় বাসা ভাড়া থেকে পৌর শহরে আখের রসের ব্যবসা করতেন। ভুক্তভোগী শিশুটির পরিবারও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর পিতা-মাতার সাথে ওই শিশুটি সুপাতলা এলাকায় বসবাস করত। অভিযুক্ত ফরিদ মিয়াকে শিশুটি ‘দাদা’ বলে ডাকত। ঘটনার দিন ওই বৃদ্ধ কৌশলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে শনিবার বিকেলে তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, ‘দিনমজুরি করে সংসার চালাই। ধর্ষক ফরিদ মিয়াকে আমার মেয়ে দাদা বলে ডাকত। সে আমার অবুঝ মেয়ের সাথে যে জঘন্য কাজ করেছে, আমি তার ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ জানান, শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








