
নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তির ৩৭তম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) জেলার সুধারাম থানা, বেগমগঞ্জ, চাটখিল ও কবিরহাটসহ মোট ১০টি কেন্দ্রে একযোগে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পরীক্ষায় মোট আট হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে জেলাভিত্তিক ১০ জন, উপজেলাভিত্তিক ২০ জন ও বাকি ৪১৫ জন শিক্ষার্থীকে ইউনিয়নভিত্তিক এই বৃত্তি দেয়া হবে। এছাড়া এবারের পরীক্ষায় মোট ১০ লাখ সাত হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও ইউসিবি লিমিটেডের চেয়ারম্যান শরীফ জহীর (সিআইপি), পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ তাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মকবুল আহাম্মদ ও সেক্রেটারি খালেদ আলী আহমদ দিকনির্দেশনা প্রদান করেন।
বৃত্তি পরীক্ষার সভাপতি শরীফ জহীর (সিআইপি) ও সাধারণ সম্পাদক খালেদ আলী আহম্মদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবনকে আরো গতিশীল করতে এই বৃত্তি কার্যক্রম দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। আগামীতেও এ ধরনের মেধাভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








