চুয়াডাঙ্গায় ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন
চুয়াডাঙ্গায় তিন দফা দাবিতে বিভিন্ন কলেজ, মদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকরা মানববন্ধন করে। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় নতুন জাতীয় পে-স্কেলের ভিত্তিতে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান এবং এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলির সুযোগের দবিতে বিভিন্ন কলেজ, মদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকরা মানববন্ধন করেছেন। 

Advertisement

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে তারা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। 


মানববন্ধনে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম হাসান বলেন, ‘আমরা পূর্ণাঙ্গভাবে উৎসব ভাতা পাই না, বাড়ি ভাড়া পাই না, দীর্ঘ দিন ধরে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও অন্য কোনো প্রতিষ্ঠানে বদলি হওয়া যায় না।’

 

শিক্ষক ইমাম হাসান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা আমাদের ছেলে-মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে পারি না, সময়মতো জামা-কাপড় দিতে পারি না। আমাদের পে-স্কেলের ভিত্তিতে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও বদলি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা আজ চুয়াডাঙ্গায় মানববন্ধন করছি। আগামী ৪ নভেম্বর আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩ দফা দাবিতে মানববন্ধন করব।’

 

মানববন্ধনে দর্শনা ডিএস ফাজিল  মাদরাসার সহকারী শিক্ষক আল-আমীন, চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী শিক্ষক হাসিবুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।