কুমিল্লা শিক্ষা বোর্ড, এইচএসসি, জিপিএ-৫
কুমিল্লা শিক্ষা বোর্ড। সংগৃহীত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। যেখানে জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। 

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ৫৫ হাজার ৪৩৪ জন ও ছেলে ৩৬ হাজার ৭২৮ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন ও ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পাওয়া এক হাজার ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৮২১ জন ও ছেলে ৪৯২ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। 

এছাড়া শতভাগ পাস করেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে, ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।