যশোর শিক্ষা বোর্ড, এইচএসসি পরীক্ষা, ফলাফল
যশোর বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। নয়া দিগন্ত

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২। যা ফল বিপর্যয় বলে উল্লেখ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এ বছর জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২২৮ জন। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করেন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১২ হাজার ৭৯১ জন। অনুপস্থিত ছিল চার হাজার ৭১৯ জন। বহিষ্কার করা হয় ৪৩ জনকে। উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর তিন হাজার ২২৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী এক হাজার ৮৭০ জন ও ছাত্র এক হাজার ৩৫৮ জন। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ২৩ শতাংশ, বিপরীতে ছাত্রদের ২ দশমিক ৪৮ শতাংশ।

পাসের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেয়া ৫৭ হাজার ৯৮০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ১৬৬ জন।  অন্যদিকে ৫৪ হাজার ৮১১ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২১ হাজার ৫০২ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার প্রায় ৭০। মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ২১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মোট ২১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ১৬৭ জন। মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ হাজার ১৯১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার ৩১০ জন।

ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।