
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, ‘সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘ব্যক্তিগত মান সংরক্ষণ, আনুগত্য ও শৃঙ্খলার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ে আয়োজিত মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা এ টি এম মাসুম বলেন, ‘নিজেদের জান্নাতের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। ডিসেম্বর মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালনে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একইসাথে জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
অধিবেশনে ২০২৭-২৮ কার্যকালের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের নতুন নেতৃত্ব মনোনীত করা হয়। এতে নায়েবে আমির হিসেবে ড. শফিকুল আলম হেলাল, সেক্রেটারি হিসেবে ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী ও সহকারী সেক্রেটারি হিসেবে মুহাম্মদ মাহফুজুর রহমান মনোনীত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









