গ্রামীণ ব্যাংকে আগুন
গ্রামীণ ব্যাংকে আগুন। নয়া দিগন্ত
ads

নরসিংদীর বেলাবোতে গ্রামীণ ব্যাংকের সদর শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাখা কার্যালয়টি লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ভবনের উপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একইসাথে ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মো: নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। আমি উপরের তলায় থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারি। এতে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বেলাবো থানার ওসি (তদন্ত) সরল মরমু জানান, রাত ৩টার পরে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে গেছে। আগুনে একটা বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।