কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটকদের একাংশ
কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটকদের একাংশ। নয়া দিগন্ত

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেয়। জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর যেসব স্থানে কিশোরদের উৎপাত, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট পাঁচ হাজার ২৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিন হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়া দুই হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।