লাশ উদ্ধার
রায়পুরে নিখোঁজের একদিন পর সুপারি বাগানে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ । নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে একটি সুপারি বাগানের আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তোফায়েল আহমেদ রাখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

নিহতের ছেলে রাসেল আহমেদ বলেন, ‘বুধবার বিকেল থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মিন্নাত উল্লাহ ব্যাপারীর বাড়িসংলগ্ন সুপারি বাগানে গিয়ে একটি আমগাছে বাবার ঝুলন্ত লাশ দেখতে পান।’

তোফায়েল আহমেদের ফুপাতো বোন মারুফা খাতুন বলেন, ‘গত দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিছানায় খাবার দিতেন। টয়লেটে যাওয়া এবং মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তিনি তেমন কিছু করতেন না। মানুষের সাথে কথাবার্তাও কম বলতেন।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।’