
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধানক্ষেতে আধা কিলোমিটার দৌড়েও মো: সোহাগ মিয়া (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনন্তপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সোহাগ মিয়া শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার কৃষ্টপুর গ্রামের লিয়াকত আলী মাস্টারের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন, মঙ্গলবার রাতে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় উপপরিদর্শক (এসআই) রূপম কুমার নাথ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় অনন্তপুর এলাকার কবির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পুলিশ দেখে সোহাগ মিয়া ফসলি জমির পাশের একটি জঙ্গলে লুকানোর চেষ্টা করেন।
তিনি জানান, পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করলে তিনি দৌড়ে পাশের ধানক্ষেতে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে, ধানক্ষেতের আইল ধরে প্রায় আধা কিলোমিটার ধাওয়া করার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি মো: ফারুক হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








