কর্ণফুলী, ছাত্রদল, যুবদল, মিছিল, বাসের ধাক্কা, আহত,
কর্ণফুলীতে ছাত্রদল ও যুবদলের মিছিলে বাসের ধাক্কা, আহত ৭। নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল চলাকালে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার রাতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ও যুবদল। মিছিলটি মইজ্জারটেক থেকে শিকলবাহা চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মিছিলের ওপর ধেয়ে আসে। এতে মুহূর্তের মধ্যেই মিছিলে থাকা ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

মিছিলে নেতাদের বক্তব্য ও প্রতিবাদ

দুর্ঘটনার আগে প্রতিবাদী স্লোগানে মুখরিত এই মিছিলে দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতারা।

আহতদের পরিচয় ও বর্তমান অবস্থা

দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, মান্না, উপজেলা যুবদল সংগঠক বাবলু, শিকলবাহা ইউনিয়ন যুবদলের সংগঠক আবুল কালাম, ফাহাদ ও মামুনসহ আরো কয়েকজন।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ছাত্রদল ও যুবদলের মিছিল চলাকালীন বাস দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে জানতে পেরেছি। তবে তাদের মধ্য দুইজন গুরুত্বর আহত হওয়ার ব্যাপারে জেনেছি। সবাইকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। বাসটি এখন পুলিশ হেফাজতে রয়েছে।’