
দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে হঠাৎ টার্গেট করা হচ্ছে গ্রামীণ ব্যাংককে। বিভিন্ন জায়গায় থাকা ব্যাংকটির একাধিক শাখায় অগ্নিসংযোগের খবর আসছে। কয়েকদিনে ব্যাংকটির অন্তত ১০টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেগুলোই তুলে ধরা হলো—
চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ২টা থেকে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
আরো পড়ুন : যেভাবে আটক হলেন হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়া সেই খতিব
শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী বলেন, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় একজনের ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। বাইরে তাকিয়ে নিচে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার লাউহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তাপ্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়।
তিনি আরো বলেন, আগুনে ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল। সাথে সাথেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তার লাভ করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
যশোর
যশোরের বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।
উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী ও পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় মুখ বেঁধে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন দুর্বৃত্তরা মুখ বেঁধে আগুন দিচ্ছে। আগুন দেয়ার সময় এক জনকে জ্বালানি ছিটিয়ে দিতে দেখা যায়। এতে আগুন জ্বলে উঠে।
সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো: জয়কুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে।
এ সময় ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীরা ছুটে এসে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ভবনে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপক মো: রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর মোটরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এসময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিকভাবে নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বাসাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ‘স’ মিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় দুর্বৃত্তরা ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাংকের নৈশ প্রহরী দুতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে, তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।
রাজশাহী
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ ক ম শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে সেখানে আগুন ধরে যায়।
তিনি আরো জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং ভবনের সামনে একজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে তিনি নিচে নেমে এসে দেখেন, আগুনে অফিসের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাবনা
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার দোগাছি ইউনিয়ন শাখা অফিসের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময় অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।
গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়। তবে ব্যাংকের কর্মকর্তা ও নৈশপ্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখাটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ওই শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো শনিবার কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্রহরী দায়িত্বরত ছিলেন। রাত ২টার নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।
আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বারখাইন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ব্যাংকের নিচতলায় আগুন দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু পুরোনো কাগজপত্র পুড়ে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








