মাগুরায় যুবদল নেতাসহ দুই আসামি ৫ দিনের রিমান্ডে 
আদালতে রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাবাদের জন্য দুই আসামিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। নয়া দিগন্ত

মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

Advertisement

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শান্তা আক্তার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে, আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, যুবদল নেতা শাকের হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনাকে গ্রেফতার করা হয়। ২২ অক্টোবর তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২১ অক্টোবর ভোরে মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার পাশাপাশি রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। পরে, ময়নাতদন্তে তার মাথা থেকে গুলি উদ্ধার করা হয়।