
প্রযুক্তির প্রসারে শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রত্যাশার চেয়ে বেশি আয় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করলেও গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্কের কারণে বিশ্ব শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি।
বুধবার (১৮ নভেম্বর) এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে।
এআই প্রযুক্তি খাতের লাভজনকতা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন ছিল। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে।
অভিযোগগুলোর মধ্যে চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সাথে সম্পর্কের বিষয়টিও রয়েছে। ওই গুপ্তচরের মাধ্যমে চীনে নিয়ন্ত্রিত চিপ সরবরাহ হয়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিতর্কের জেরে গত বৃহস্পতিবার পদত্যাগ করতে বাধ্য হন হুয়াং। বিষয়টি বিশ্বের শেয়ারবাজারে ব্যাপক প্রভাব বিস্তারকারী চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এআই খাতের সম্প্রসারণ বিশ্ব শেয়ারবাজারকে রেকর্ড উচ্চতায় পৌঁছাতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সহায়তা করেছে।
এদিকে, মঙ্গলবার প্রকাশিত বহুল প্রতীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এনভিডিয়া জানিয়েছে, তাদের আয় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে ১১৫ বিলিয়ন ডলারের বেশি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে।
এ পরিসংখ্যান থেকে ধারণা পাওয়া যাচ্ছে, এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে দ্রুত মুনাফা পাওয়া নিয়ে উদ্বেগ থাকলেও এ খাতের প্রবৃদ্ধির ধারা এখনো অব্যাহত রয়েছে।
বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এনভিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কোলেট ক্রেস বলেছেন, প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
এআই শিল্পের অভাবনীয় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াংয়ের অনুপস্থিতিতেও ব্যবসায়িক কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি বলে তিনি ইঙ্গিত দেন।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।
একই সময়ে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও ব্রডকমের শেয়ারেও উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।
তবে বুধবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা থাকলেও পরে তা ধরে রাখা সম্ভব হয়নি। প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বাজারে দরপতন ঘটে।
এর সাথে যুক্ত হয়েছে চীনের কাছে চিপ সরবরাহের সুযোগ আরো সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ। পাশাপাশি চিপ সরবরাহ ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আগামী ১ ডিসেম্বর মার্কিন আইনপ্রণেতাদের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছেন জেনসেন হুয়াং।
বুধবার টোকিও, সিউল ও তাইপের শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। এছাড়া হংকং, সাংহাই, সিডনি ও সিঙ্গাপুরের বাজারেও সূচক কমেছে। তবে ওয়েলিংটন, ম্যানিলা ও জাকার্তার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
এশিয়ার প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও চাপ ছিল। জাপানের কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রনের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমেছে।
তাইওয়ানের টিএসএমসির শেয়ারও দর হারিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
স্যাক্সো মার্কেটসের বিশ্লেষক নিল উইলসন বলেন, এনভিডিয়ার শেয়ার নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, তদন্ত ও অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তবে এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এ ধরনের বিতর্ক অবশ্যই প্রতিষ্ঠানটির জন্য অনাকাঙ্ক্ষিত।
এদিকে, চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের নজর রয়েছে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের দিকেও। এআইভিত্তিক পণ্য তৈরিতে অ্যানথ্রপিককে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং ঋণের ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা দেয়ার কারণে এনভিডিয়াকে এআই শিল্পের ‘কেন্দ্রীয় ব্যাংক’ হিসেবেও অভিহিত করা হচ্ছে।
চলতি সপ্তাহের শেষ নাগাদ এআই প্রযুক্তির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে আরো স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম সামান্য কমেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








