কৃষক দল
নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পর্যন্ত  এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে গোটা জনপদে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ জানিয়েছে, নিহত কৃষক দলের নেতার লাশের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ না পাওয়া গেলেও কৃষক দলের নেতার নিহতের ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্তকরণে মাঠে কাজ করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। 

এদিকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ সৃষ্টি ও কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার শিকার হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে নিহত রাজু’র লাশ দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে  ঘটনাস্থল থেকে বেড়িয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা রাজু মোল্লাকে একা পেয়ে তার উপর হামলা চালায় এবং নাশকারীরা তাদের বহনকারী সবুজ বাংলা গাড়ির নিচে পৃষ্ঠ করে পালিয়ে গেলে ঘটনাস্থলে কৃষক দল নেতা রাজু’র লাশ উদ্ধার করে বিএনপি নেতা কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: তানজিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে। কৃষক দলের নেতার​হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। 

তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি তোলেন।  

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে। 

এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করেছে বলে জানান।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজে কিছু সমালোচনা থাকে। সেই বিষয়গুলো মাথায় রেখে পুলিশকে কাজ করতে হয়। 

ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষক দলের নেতা রাজু মোল্লার ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে কাজ করেছে পুলিশ। ঘটনার রাতে ২০ জনকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।