অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিত শিক্ষা দিয়ে দেবে। তাদের দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।’

Advertisement

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে দুলু বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এই আন্দোলনের সুযোগ নিতে পারে। আন্দোলনে ভর দিয়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে।’

তিনি আরো বলেন, ‘জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে। আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করব, ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে, আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দেবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না।’

নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।