
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনার তিন রাজনীতিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো: রশীদুজ্জামান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো: ফারুক আহমেদ। একটি মামলায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো: জাহিদ ফজল মামলাগুলো দায়ের করেন। তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের অভিযোগ, সংসদ সদস্য থাকাকালে অসাধু উপায়ে ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন রশীদুজ্জামান। তার নামে ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে কমিশন। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ছিল ৪৩ লাখ ৫ হাজার ২৩৬ টাকা। পারিবারিক ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৩১ লাখ ৪৩ হাজার ২৩৬ টাকা। দুদকের হিসাবে, তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পরিমাণ ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকা।
অন্য মামলায় সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্বামী শেখ মো: ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।
দুদকের তথ্য অনুযায়ী, শুনুর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদ রয়েছে। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৪৫ লাখ ৪৯ হাজার ৫৩ টাকা। পারিবারিক ব্যয় ছিল ৯ লাখ ৪৫ হাজার টাকা। কমিশনের অভিযোগ, এসব হিসাবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের মাধ্যমে তিনি আইন লঙ্ঘন করেছেন।
এদিকে, ফারুক আহমেদের বিরুদ্ধে পৃথক মামলায় ১ কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। কমিশনের তথ্যমতে, তার নামে মোট ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদ রয়েছে। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৭০ লাখ ৭৫ হাজার ৫০৫ টাকা এবং ব্যয় ৪৫ লাখ ৬৭ হাজার ৪৮৮ টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








