
আগামী বছরের ১২ থেকে ১৬ জানুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নেবে বাংলাদেশের একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোবট অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া দলের সদস্যরা হলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদা জাফরিন ও নাফিয়া বাশার সুহানি; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুআজ ইবনে বাশার; বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরীন তানিশা; সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।
২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রতিবছর এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গত আট বছরে অলিম্পিয়াডে বাংলাদেশের দল ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত ‘আইআরও বাংলাদেশ ওপেন-২০২৬’-এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দল নির্বাচন করা হয়।
গত ২৯ ও ৩০ আগস্ট অনলাইনে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্বে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়া তিনজন শিক্ষার্থী কারিগরি পুরস্কার পায়।
জাতীয় পর্বের বিজয়ীরা পরবর্তী সময়ে ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে অংশ নেয়।
শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও পারফরম্যান্সসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের পর বাংলাদেশের দল নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যরা বর্তমানে উন্নততর প্রশিক্ষণ নিচ্ছে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবোটিকস প্রশিক্ষক মিশাল ইসলাম দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিডিওএসএনের সভাপতি এ এ মুনির হাসান দলনেতা হিসেবে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আইআরওর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যোগ দেবেন।
তরুণ মেধাবীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণে সহায়তা দিচ্ছে আইসিটি বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহায়তা তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








