ভারতীয় মদ জব্দ
ভারতীয় মদ জব্দ। নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তে লুকিয়ে রাখা এক হাজার ৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

অভিযানে মদের মালিক বা চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, জব্দকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।