প্রতিরক্ষা, উপদেষ্টা, সৌজন্য, সাক্ষাৎ,
প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ । নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেইলর গ্যারেট। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

রোহিঙ্গা সহায়তা ও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

অন্যদিকে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেইলর গ্যারেট মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের উদারতা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান অংশীদারিত্ব আরো সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।