
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক কেজি ৪৮২ গ্রাম স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে জেদ্দা থেকে আসা ফ্লাইট বিজি-১৩৬ এর যাত্রী মো: শরীফকে আটক করা হয়। এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এরিয়ায় সন্দেহজনক গতিবিধির কারণে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃক ওই যাত্রীকে তল্লাশী করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল নয়া দিগন্তকে জানান, বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১৪৮২ গ্রাম ওজনের গোল্ড (চুড়ি অলঙ্কার) উদ্ধার করা হয়।
উদ্ধার ১৪৮২ গ্রাম গোল্ড থেকে রাজস্ব আদায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, উদ্ধার স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান। আটক যাত্রীর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








