খাদ্যমন্ত্রী, আফরোজা খানম রিতা, ধর্ম, ধর্মীয় সম্প্রীতি, দুর্গাপূজা, প্রধানমন্ত্রী, তারেক রহমান
শাড়ি বিতরণ অনুষ্ঠানে সম্প্রীতির আলিঙ্গনে খাদ্যমন্ত্রী। নয়া দিগন্ত

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলনের ভূমি হচ্ছে বাংলাদেশ। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এ সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ মানুষ সকল ধর্ম-মতের প্রতি শ্রদ্ধাশীল। সবাই স্বাধীনভাবে এদেশে তার ধর্ম-কর্ম পালন করে আসছে। জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে এক মহান বাংলাদেশ গড়ে তুলি।’

মানিকগঞ্জকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে নতুন শাড়ি দেয়া হচ্ছে, যাতে উপকারভোগীরা আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন। পর্যায়ক্রমে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

দেশ ও জনগণের স্বার্থে সরকারের পাশে থেকে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ আন্তরিকতা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলার ইউএনও মৌসুমী নাসরিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে ধানকোড়া ইউনিয়নসহ মানিকগঞ্জ সদর উপজেলার মোট ১৯২ জন দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।