
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাই মামলায় প্রধান অভিযুক্তসহ চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আসামিরা হলেন মামলার প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর ভিকটিমের গামছা দিয়ে রক্ত মুছে গামছা ও হত্যায় ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে, আনোয়ার ও অন্য সহযোগীদের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করে দেন।
ঘটনার পর পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করা হলে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে ডিবি। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, রক্তমাখা গামছা এবং অটোভ্যান বিক্রির নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়াসহ অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








