
নোয়াখালীর চাটখিলে থানায় সালিশি বৈঠক থেকে নাসির উদ্দীন নাসু (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ আওয়ামীলীগ নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল থানার গোলঘরে একটি অভিযোগের বিষয়ে সালিশ চলাকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাসির উদ্দীন নাসু চাটখিল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কৃষক লীগের নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি অভিযোগের বিষয়ে সালিশের মাধ্যমে মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় থানার গোলঘরে উভয় পক্ষের লোকজনকে ডাকা হয়। এ সময় একটি পক্ষের সমর্থনে ওই আওয়ামীলীগ বৈঠকে যান নাসির উদ্দীন নাসু। পরে তার রাজনৈতিক পরিচয় ও মামলার বিষয়ে জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় আসামি হিসেবে নাসির উদ্দীন নাসুর নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








