‘উত্তর সাতকানিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ
‘উত্তর সাতকানিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ। নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ গঠনের দাবিতে মহাসমাবেশ করেছেন সর্বস্তরের জনসাধারণ।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কেরানীহাট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

সমাবেশে বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া ও খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘উত্তর সাতকানিয়া উপজেলা গঠনের দাবি দীর্ঘদিনের। সরকার ইতোমধ্যে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ছয়টি ইউনিয়নের মানুষের প্রশাসনিক সেবা সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। উত্তর সাতকানিয়ার মানুষের এই অর্জন ধরে রাখতে দলমত সর্বস্তরের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, সাধারণ মানুষের ওপর জুলুম কিংবা সাধারণ মানুষকে হয়রানি করে, তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আমার নাম ভাঙিয়ে কেউ মানুষের কাছ থেকে টাকা আদায় করলে, ব্যবসায়ী বা পরিবহন শ্রমিকদের ভয়ভীতি দেখালে কিংবা নিরীহ মানুষের ওপর প্রভাব খাটালে তাকে ধরে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখবেন। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের ওপর জুলুম করার সুযোগ করে দেয়ার জন্য নয়।’

সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন ও দোহাজারী পৌরসভা নিয়ে ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ বাস্তবায়নের দাবি জানিয়ে আসা দোহাজারীবাসীর উদ্দেশে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত হওয়া যাবে না। বটবাহিনী ও গুপ্তবাহিনীর প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে। দোহাজারীর উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মহাসমাবেশে আরো মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, কেরনীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, কামরুল হাসান তালুকদার, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, মো: আরমান, ফরিদুল ইসলাম মাস্টার, আনিস শিকদার, অ্যাডভোকেট ওসমান গনি, রিয়াদ কামাল, ওসমান কোম্পানি, রাশেদ হোসেন দুলু চেয়ারম্যান, সামশু মেম্বার, সোহেল মেম্বার রিটন তালুকদার, শহিদুল ইসলাম, ফয়জুল কোভিদ রুবেল, রাশেদ খান, মো: নাসির, শামসুল ইসলাম, হারুনুর রশিদ, ভিপি আব্দুর রউফ ও আলী আকবর প্রমুখ।