কারেন্ট জাল, জব্দ, টাস্কফোর্স, ইলিশ
টাস্কফোর্সের অভিযানে কারেন্ট জাল জব্দ করা হয়েছে । নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে টাস্কফোর্স কমিটি। অভিযান শেষে জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বঙ্গোপসাগরের বামনসুন্দরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। 

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের বামনসুন্দরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাই শাখা।’

উল্লেখ্য, চলতি মাসের ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।