
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ জন্য ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি ৮ প্লাটুন রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ৩৯ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
তিনি জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত সহায়তা দিতে অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
বিজিবি জানায়, কুমিল্লা সেক্টরের ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪টি উপজেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে ১৫৬টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া অন্যান্য এলাকাসহ মোট ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবি।
সভায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








