
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।
আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
গত ১৫ অক্টোবর আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দফতরেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারো আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে পুনরায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার মাছ রফতানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রফতানি বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানিয়ে দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








