
চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে রাঙ্গামাটির আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। আজ শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে সাজেকে প্রবেশ করতে শুরু করেন ভ্রমণপিপাসুরা।
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে স্থবিরতা কাটিয়ে সাজেকের কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন খাতে ফিরেছে স্বস্তি।
সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তা ও বিভিন্ন অনিবার্য কারণে গত কয়েক দিন ধরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে অনেক পর্যটকের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পর্যটকদের নিরবিচ্ছিন্ন ভ্রমণ নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা প্রশাসন শুক্রবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়। আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের দিকে পর্যটকবাহী যানবাহনের চলাচল শুরু হয়।
সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, চার দিন বন্ধ থাকার পর আজ প্রথম দিনেই প্রায় ৮ শতাধিক পর্যটক সাজেকে পৌঁছেছেন। পাহাড়ের বুক ঘেঁষে ভেসে যাওয়া মেঘের চাদর ও রূপসী সাজেকের রূপ উপভোগ করতে অসংখ্য পর্যটক ইতোমধ্যে তাদের অগ্রিম বুকিং নিশ্চিত করেছেন। পর্যটকদের বরণে স্থানীয় কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন মালিকরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পর্যটকেরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তা ছাড়া স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সতর্ক অবস্থানে রয়েছে।
পর্যটকদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। আবহাওয়া অনুকূলে থাকলে দুর্গাপূজার বন্ধের দিনগুলোতে সাজেকে পর্যটকদের সমাগম আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








