
বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় অপু মাঝি (৩২) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে আটকে পড়ে ও ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক অপু মাঝি মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হলেও পরে তা স্বাভাবিক করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








