
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উঠে না এলে কোনো দরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।’
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরের রাজারগলি এলাকায় ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সম্পর্কে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের ট্যাবও দেয়া হয়েছে।’
তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব নেয়ার পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, ‘বাংলাদেশের অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কারণে এই কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে।’
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহ-সভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজার গলি সমাজকল্যাণ সঙ্ঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








