
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বন্যাপ্রবণ তিনটি ওয়ার্ডে দুর্যোগকালীন অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে ১৮ ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, আন্তর্জাতিক দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এরিয়া ম্যানেজার খন্দকার আবু তাহের মো: সিদ্দিকুর রহমান, স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো: মইনুল হক, ম্যানেজার শাহ আলম, প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি বাস্তবায়িত ‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
বিতরণ করা সরঞ্জামের মধ্যে রয়েছে— উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চলাইট, প্রাথমিক চিকিৎসার বাক্স ও প্রয়োজনীয় উপকরণ, দড়ি, ছুরি, দা, করাত, তালা-চাবি, হ্যাকস ব্লেড, পরিমাপের ফিতা, নয়টি পতাকা, হুইলচেয়ার, রেইনকোট, ত্রিপল ও বড় ট্রাংক।
দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও উদ্ধার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব সরঞ্জাম দেয়া হয়েছে বলে প্রকল্প-সংশ্লিষ্ট উদ্যোগের বিবরণে উল্লেখ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








