
নরসিংদীর বেলাবো এলাকায় সড়কে ট্রাক্টরের (ইছার মাথা) চাকায় পিষ্ট হয়ে আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর পাড়ের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিশা আক্তার নোহা উপজেলার পাটুলী এলাকার মো: কাশেম মিয়ার মেয়ে।
পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নোহাকে সাথে নিয়ে তার বাবা কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পাটুলী নদীর পাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টরের (ইছার মাথা) সাথে ধাক্কা লেগে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ করতে চায় না বলে জানিয়েছে তার পরিবার। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিন বছরের শিশু নোহার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বেলাবোর সড়কে ইছার মাথার অবাধ চলাচল নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দিনে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘ট্রাক্টর (ইছার মাথা) চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি রয়েছে। শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।’
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, ‘ট্রাক্টর (ইছার মাথা) চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনের আলোকে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা এক রাস্তায় মোবাইল কোর্ট করলে তারা অপর রাস্তা দিয়ে চলে যায়। নিহত শিশুর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








