
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাধার সম্মুখীন হওয়ার ঘটনা ঘটছে। এ ধরনের কাজে বাধা দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়কে নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, সকালে রাজশাহী মহানগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান ও উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। দুপুরে সড়কের নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। পরে ওই এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এছাড়া নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও উড়াল সড়কের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি সেখানে বৃক্ষরোপণও করেন।
অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে নম্বর সম্বলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। শিগগিরই পুরো মহানগরীতে এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’
এ সময় আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








