মাদক কারবার, ছাত্রী, ছুরিকাঘাত, ছাত্রদল, আহত
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব। নয়া দিগন্ত

যশোরে মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অঙ্কন (১৮) নামে এক তরুণের ছুরিকাঘাতে ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর সিটি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। অভিযুক্ত অঙ্কন স্থানীয় যুবলীগ নেতা হারুন অর রশিদ ফুলুর নাতি বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কনের সাথে ফয়সালের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে অঙ্কন ফয়সালকে ছুরিকাঘাত করেন। পরে ফয়সালের সাথে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, ‘সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান কলেজ ক্যাম্পাসে মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। এর জের ধরে অঙ্কন নামে এক তরুণ তাকে ছুরিকাঘাত করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেব।’

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’