
নওগাঁ সদর উপজেলা থেকে রাজশাহীতে নেয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারবোঝাই দুটি গাড়ি আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই সার জব্দ করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। জব্দ করা সার দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বিসিআইসি সার ডিলার মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমন-ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। পরে গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা চালকদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে চালকেরা অসংলগ্ন কথা বলেন। পরে জেরার মুখে সারগুলো রাজশাহীতে নেয়া হচ্ছিল বলে স্বীকার করেন তারা।
এদিকে, ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ব্যবস্থাপক মামুন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসীর মুখোমুখি হন। পরে পুলিশ ও প্রশাসনের সদস্যরা আসছেন জানতে পেরে তিনি সেখান থেকে চলে যান।
ঘটনাস্থল ছাড়ার আগে ব্যবস্থাপক মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো তৈরি করে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সারগুলো কার কাছে বিক্রি করা হয়েছিল কিংবা কোথায় নেয়া হচ্ছিল, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও আরো বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








