
টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামে এক স্কুলের প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত দুলু ওই এলাকার মরহুম কাঞ্জু মিয়ার ছেলে। তিনি উপজেলার বড়চওনা রফিকরাজু স্কুলের প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, ১০ বছর আগে তার স্বামী জরিনা বেগম নামে এক নারীকে বিয়ে করেন। এর কিছুদিন পরে ওই নারীকে তালাক দিলেও তার বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। তারাই তার স্বামীকে মেরে ফেলেছে বলে আসমা অভিযোগ করেন।
অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী জরিনা জানান, তালাকের পর দুলুর মিয়ার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্থানীয়রা জানায়, দুলু মিয়ার লাশ সাবেক স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








