
‘একসময় চিঠিই ছিল দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। হাতে লেখা চিঠির প্রতিটি শব্দে মিশে থাকত প্রিয়জনের স্পর্শ, অপেক্ষার আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতি। আধুনিক প্রযুক্তির যোগাযোগব্যবস্থায় সেই চিঠি লেখার অভ্যাস হারিয়ে গেছে। অথচ চিঠির পাতায় জমে থাকা স্মৃতিগুলো আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে।’
‘চিঠির কথা : গান ও কবিতায়’ শীর্ষক সিলেটের প্রাচীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোনের ৩৪৮তম মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সাহিত্য আসর কক্ষে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক সেলিম আউয়াল, দয়ামির ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন সিলেট-এর সভাপতি ভ্রমনকাহিনী লেখক মোয়াজ আফসার।
আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ, কবি মাহফুজ জোহা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ইসমত হানিফা চৌধুরীর সাইক্লোনের সাহিত্য আসরকে ঘিরে লেখা চিঠি পাঠ করেন কবি ইশরাক জাহান জেলি।
রাতের দীর্ঘ সময় ধরে এই আড্ডায় চিঠি নিয়ে নানা রকম স্মৃতিচারণ করেন বক্তারা।
তারা বলেন, ‘মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা। আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও, তার স্মৃতি অনেকের কাছে অম্লান।’
এ সময় চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি অ্যাডভোকেট এন এ আশালতা, কবি শান্তা কামালী, কবি এনামুল হক, কবি নিশাত ফাতেমা মেহের, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ, মাশুক আহমদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








