খুলনা সিটি করপোরেশন
খুলনা সিটি করপোরেশন। নয়া দিগন্ত

খুলনা সিটি করপোরেশন তার মালিকানাধীন ভবনসমূহে সোলার প্যানেল স্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশন পরিচালনা কমিটির ১৪তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠিত এ সভায় মহানগরীর যানজট নিরসনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধমূলক কার্যক্রম শনাক্তকরণ, স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য ওয়াসা কর্তৃক খননকৃত রাস্তাসমূহ মেরামতের ক্ষেত্রে প্রস্তুতকৃত ওয়াসার সাথের সমঝোতা স্মারকে লিপিবদ্ধ কেসিসির শর্তসমূহের অনুমোদন, মহানগরী এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, রাস্তাসমূহে অবাধে বিচরণকারী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধন ওষুধ ক্রয়; ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ইউনিপোল, বিলবোর্ডসহ প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনা, কঞ্জারভেন্সি শাখার ঝাড়ুদারসহ অন্যান্যদের দ্বারা দৈনিক ৪ (চার) ঘণ্টা করে ২ (দুই) শিফটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের সাথে সংযুক্ত বিভিন্ন এনজিও, সিবিও, সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তার ভ্যানচালকদের তালিকাভুক্তির মাধ্যমে বর্জ্য অপসারণে শৃঙ্খলা আনয়ন এবং কঞ্জারভেন্সি শাখার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া প্রথিতযশা শিক্ষাবিদ প্রফেসর মুজিবুর রহমানের নামে ‘খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ’-এর বিজ্ঞান ভবনের নামকরণ এবং ময়লাপোতা মোড়সহ কেডিএ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ নামকরণের জন্য কেডিএকে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।

খুলনা সিটি করপোরেশন মার্কেট উপ-আইন, ২০১৪-এর ৩ নম্বর উপধারা অনুযায়ী গঠিত দোকান বরাদ্দ কমিটির সুপারিশমালা অনুমোদন, সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচাবাজারে মালামাল আনা-নেয়ায় ব্যবহৃত ইজিবাইক থেকে দৈনিক ১০/- (দশ) টাকা হারে টোল আদায় এবং নতুন ক্রয়কৃত প্লেট কম্প্যাক্টর (ছোট), রিভারসিবল প্লেট কম্প্যাক্টর যন্ত্রদ্বয় এবং প্রাইম মুভার উইথ লো-বেড ট্রেইলার-এর ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের লক্ষ্যে কমিটি গঠন ও হোল্ডিং-এর নামজারি ফি নির্ধারণে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো: আক্তার হোসেন, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (প্রশাসন) এস এম মাইদুল ইসলাম, জেলা প্রশাসন খুলনার সহকারী কমিশনার মো: জাকারিয়া, বিটিসিএলের ডিজিএম এস এম সাদমান রহমান ও গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো: মাহমুদুল হক উপস্থিত ছিলেন।