
ভোলার লালমোহনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। দিন কিংবা রাতে কোনো বিরতি ছাড়াই অবাধে শিকার করা হচ্ছে ডিমওয়ালা মা ইলিশ। আর এসব ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে উপজেলার রায়চাঁদ বাজারসহ বিভিন্ন হাট বাজার, রাস্তার মোড়ে এবং বাত্তির, গাইট্রার খাল ও কাটির মাথানামক মাছ ঘাটে।
অসাধু জেলে ও ব্যবসায়ীরা কোনো রকম ভয়ভীতি ছাড়াই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরের মা ইলিশ রক্ষা কর্মসূচীর অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।
তবে লালমোহনের মেঘনা নদীর পয়েন্টগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।
দিন-রাত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে শত শত ট্রলার ও নৌকা নিয়ে অসাধু জেলেরা ডিমওয়ালা মা ইলিশ শিকার করছে। নদী থেকে ধরে আনা মা ইলিশ কোনো লুকোচুরি করে বা সরাসরি বা প্রকাশ্যে বেচাকেনা করা হচ্ছে।
স্থানীয় প্রভাবশালী অসাধু মৎস্য ব্যবসায়ী সিন্ডিকেট ঘাটগুলোতে কেনাবেচা ও সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।
সচেতন মহল জানায়, এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন চরম হুমকির মুখে পড়বে। মা ইলিশ রক্ষায় ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর মাছ ঘাট বাতির খাল, কাঠির মাথা, গাইট্রা, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বুড়ির দোন, সর্দারের খাল, চোরা খাল ও বেতুয়া স্লুইসগেট মাছ ঘাটে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে দিন ও রাতে যৌথ অভিযান পরিচালনা করার নিয়ম থাকলেও কিন্তু তা চোখে পড়ছে।
মা ইলিশ নিধন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আকন্দ বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








