
‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দু’টি পৃথক প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা। এছাড়া একই সিরিজের আরেক শিক্ষার্থী তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপন করে প্রশংসিত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রুয়েটের জনসংযোগ শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতার ‘আরবান হ্যাকাথন’ ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে রুয়েটের তিন সদস্যের একটি দল। নগরায়ণের বিভিন্ন জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপনের মাধ্যমে দলটি এ সাফল্য অর্জন করে।
দলের সদস্যরা হলেন— দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান ও রাহিদ বিন জাফর সামি।
অন্যদিকে, স্থাপত্য, নকশা ও নির্মিত পরিবেশবিষয়ক জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রুয়েটের আরেকটি দল। এই দলের সদস্যরা হলেন— তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম ও রামিশা মহসিন।
এছাড়া একই সিরিজের শিক্ষার্থী সোহান ফেরদৌস ‘ইম্প্রমটু পলিটিকো’ শীর্ষক পর্বে তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ আর্কসামিট ২০২৬-এ রুয়েটের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক জেড এইচ এম মঞ্জুর মোর্শেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








