অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত স্বামী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত স্বামী। প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীমা রানী দাস (৩৫) দিনাজপুরের বাসিন্দা। তার স্বামী উদ্ভব চন্দ্র দাস (২৭) বড়চালা গ্রামের নুকোল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, হত্যার পর উদ্ভব নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং ঘর থেকে সীমার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত উদ্ভব মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না।

উদ্ভবের ভগ্নিপতি শুভ চন্দ্র দাস জানান, প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ে করেন। এটি সীমার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। উদ্ভব বাড়িতে স্ত্রী, বাবা ও বড় বোনকে নিয়ে থাকতেন।

পুলিশকে দেয়া বক্তব্যে উদ্ভব জানান, ঘটনার সময় সীমা খাটে শুয়েছিলেন। পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো বটি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।