চুরির অপবাদ দিয়ে মারধরে যুবকের মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে মারধরে যুবকের মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার। নয়া দিগন্ত গ্রাফিক্স

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অপবাদ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা দাবির পর মারধরে রিপন মুরমু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: এনামুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

Advertisement

রোববার (১১ অক্টোবর) রাতে বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মরহুম আবুবকর সিদ্দিকের ছেলে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১২, বগুড়ার পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত রিপন মুরমু দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের মোসেশ মুরমুর ছেলে। তিনি গত পাঁচ-ছয় বছর ধরে বগুড়া সদরের চন্ডিহারা গ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন।

শুক্রবার (৯ অক্টোবর) একই এলাকার রেজাউল করিমের গ্রিল ও লোহার দরজা তৈরির দোকান থেকে একটি ঝালাই মেশিন চুরি হয়। চুরির সন্দেহে ওইদিন সকালে রিপন মুরমুকে ডেকে নিয়ে আসামিরা মারধর করে এবং ২০ হাজার টাকা জরিমানা দাবি করে। টাকা দিতে না চাইলে তাকে আবারো নির্যাতন করা হয়। পরে ঘটনার দিন সন্ধ্যায় ইটভাটার শোয়ার ঘর থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোসেশ মুরমু বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রোববার রাত সোয়া ১০টার দিকে এসআরবি-১২, বগুড়ার একটি দল লতিফপুর কলোনির সাজেদা আর্জুর ভাড়া বাসায় অভিযান চালিয়ে মামলার আসামি এনামুল হককে গ্রেফতার করে।

এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।