দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ফারদিন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মিঠু (২২) গুরুতর আহত হয়েছেন।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী ফারদিনের বাড়ি শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকায়। আহত মোটরসাইকেল চালক মিঠুর বাড়ি শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাদের মধ্যে ফারদিনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা দুপুরে নয়া দিগন্তকে জানান, শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেল আরোহী একজনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে দুপুরে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।